ইউআইটিএসে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ অনুষ্ঠিত

ইউআইটিএসে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ অনুষ্ঠিত
২২ মে, ২০২৬ ০০:০০  

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বিল্ড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাক ডেজ’। এতে সহযোগিতা করে ‘মেশিন লার্নিং বাংলাদেশ’, ‘মেজর লিগ হ্যাকিং (এমএলএইচ)’, ‘গুগল ফর ডেভেলপারস’, ‘জেন.এক্সওয়াইজেড’ এবং ‘ফেদারলেস এআই’।

ইউআইটিএস ক্যাম্পাসের এআই ল্যাবরেটরিতে গত ১২ মে দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমন্ত্রিত শিক্ষার্থীদের নিয়ে মিনি হ্যাকাথনটি অনুষ্ঠিত হয়। আধুনিক এআই ইকোসিস্টেম ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ব্যবহারিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চর্চা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন। তারা সহজলভ্য এআই শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকনিকের প্রতিষ্ঠাতা ও সিইও শাইফুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন উপায়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. হারুন-উর-রশিদ এবং মেশিন লার্নিং বাংলাদেশের অর্গানাইজার শাহরিয়ার আজাদ ইভান।

উদ্বোধনের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ‘ভাইব কোডিং’, লো-কোড ওয়ার্কফ্লো, জেমিনি এপিআই, গুগল ক্লাউড, ভার্টেক্স এআই ও গুগল এআই স্টুডিওর ব্যবহার নিয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

ওয়ার্কশপ শেষে ৫০ জন শিক্ষার্থী এক ঘণ্টার প্রতিযোগিতামূলক হ্যাকাথনে অংশ নেন। ডেভপোস্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা নির্ধারিত সময়ের মধ্যে ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ, এপিআই, ক্রোম এক্সটেনশন ও চ্যাটবটসহ বিভিন্ন সফটওয়্যার সমাধান তৈরি করেন।

প্রজেক্ট মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন শাইফুল ইসলাম, মো. হারুন-উর-রশিদ, ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, আল-ইমতিয়াজ এবং শাহরিয়ার আজাদ ইভান। সমস্যার প্রাসঙ্গিকতা, এআই ও জিসিপি টুলের ব্যবহার, প্রযুক্তিগত কার্যকারিতা, ইউআই/ইউএক্স ডিজাইন ও ডেভেলপমেন্ট নৈতিকতার ভিত্তিতে প্রজেক্টগুলো মূল্যায়ন করা হয়।

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। বিজয়ীদের মধ্যে ‘বিল্ড উইথ এআই সোয়াগ’, গুগল সোয়াগ কিট, জেমিনি পোস্টকার্ড এবং ফেদারলেস এআই ইনফারেন্স ক্রেডিট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের গুগল ক্লাউড ক্রেডিট, এমএলএইচ স্টিকার ও ডট এক্সওয়াইজেড ডোমেইন রিওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে সিএসই বিভাগের প্রধান আল-ইমতিয়াজ এবং আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, দেশের ২০টির বেশি ক্যাম্পাসে বিনামূল্যে এআই শিক্ষা পৌঁছে দেওয়ার বৃহৎ উদ্যোগের প্রথম ধাপ হিসেবে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

// ডিবিটেক/এসআই/এমইউএম //