এআই টুলের ভুলে ১৩ ঘণ্টা বন্ধ ছিল অ্যামাজনের ক্লাউড সেবা
গত ডিসেম্বরে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর একাংশ প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই দীর্ঘ বিরতি ঘটেছে প্রতিষ্ঠানটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের কার্যকলাপের জেরেই। খবর এনগ্যাজেট।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিরো’ নামের একটি ‘এজেন্টিক’ এআই টুল দিয়ে একটি ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছিলেন প্রকৌশলীরা। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম ওই টুলটি পুরো সিস্টেম পরিবেশ (এনভায়রনমেন্ট) মুছে ফেলে পুনরায় তৈরির সিদ্ধান্ত নেয়, যার ফলে দীর্ঘ এই সেবা বিঘ্ন ঘটে। এটি চীনের মূল ভূখণ্ডের একটি অঞ্চলে গ্রাহক সেবা ব্যাহত হয়।
তবে অ্যামাজন এই ঘটনায় এআই টুলকে দায়ী করতে নারাজ। প্রতিষ্ঠানটির বক্তব্য, এটি ছিল ‘ব্যবহারকারীর ত্রুটি’, এআই-এর কোনো দায় নেই। একটি বিবৃতিতে এডব্লিউএস-এর মুখপাত্র বলেন, “এই সংক্ষিপ্ত ঘটনাটি ব্যবহারকারীর ত্রুটির ফল—বিশেষ করে ভুলভাবে কনফিগার করা অ্যাক্সেস নিয়ন্ত্রণ—এআই নয়।”।
তারা জানায়, ‘কিরো’ ডিফল্টভাবে কোনো কাজ করার আগে অনুমতি চায়। কিন্তু সংশ্লিষ্ট কর্মীর প্রত্যাশার চেয়ে বেশি অনুমতি ছিল, যা অ্যাক্সেস নিয়ন্ত্রণের সমস্যা । প্রতিষ্ঠানটির দাবি, এআই টুল জড়িত ছিল ‘নিছক কাকতালীয়’, অনুরূপ সমস্যা যেকোনো ডেভেলপার টুল বা ম্যানুয়াল কাজের ক্ষেত্রেও ঘটতে পারত ।
ফাইন্যানশিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এটি গত কয়েক মাসে অ্যামাজনের এআই টুলের কারণে হওয়া অন্তত দ্বিতীয় সেবা বিঘ্নের ঘটনা। অ্যামাজনের কিউ ডেভেলপার নামের আরেকটি এআই টুলও একটি ভিন্ন সিস্টেমে বিঘ্ন সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে। এডব্লিউএস-এর এক জ্যেষ্ঠ কর্মী এই ঘটনাগুলোকে “ছোট কিন্তু সম্পূর্ণ পূর্বানুমেয়” বলে মন্তব্য করেছেন ।
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে আরেকটি ১৫ ঘণ্টার এডব্লিউএস বিভ্রাট অ্যালেক্সা, স্ন্যাপচ্যাট ও ফোর্টনাইটের মতো সেবা ব্যাহত করেছিল, যার জন্য প্রতিষ্ঠানটি তাদের অটোমেশন সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছিল ।
ডিবিটেক/বিএমটি







