নতুন লোগোতে নগদ

৯ অক্টোবর, ২০১৯ ১৮:৪৫  
আনুষ্ঠানিক যাত্রার ছয় মাসের মাথায় নতুন লোগো উন্মোচন করেছে নগদ। ঢাকায় ডাক অধিদপ্তরের সদরদপ্তরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) ডাক অধিদপ্তরে লোগোটি উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্স সার্ভিস রানার প্রতীক সম্বলিত নগদ এর নতুন লোগোটি সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন, রানার মানে জীবন, জীবন মানে সামনে চলা , ছুটে চলার প্রতীক। অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্স সার্ভিস নগদ এর নতুন লোগো উন্মোচন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সকল টেলিটক গ্রাহক এখন থেকে নগদ-এর সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা গ্রহণের জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে। ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে, যা কেবল বাংলাদেশের জন্য একটি মাইলফলক নয় বরং সারা বিশ্বের জন্য একটি রেকর্ড।