নগদ–এনআরবি ব্যাংকের চুক্তি: 

প্রত্যন্ত অঞ্চলেও সহজ হবে রেমিট্যান্স ও ব্যাংকিং সেবা

গদ ও এনআরবি ব্যাংকের নতুন চুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও রেমিট্যান্স, ডিজিটাল ব্যাংকিং, ন্যানো লোন ও অন্যান্য আর্থিক সেবা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলেও সহজ হবে রেমিট্যান্স ও ব্যাংকিং সেবা
২১ জুলাই, ২০২৬ ০৯:০৮  

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এবং এনআরবি ব্যাংক পিএলসি। নতুন এই চুক্তির আওতায় নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ব্যাংকের নিজস্ব শাখা নেই, সেখানেও গ্রাহকদের বিভিন্ন আর্থিক সেবা পৌঁছে দিতে পারবে।

২০ জুলাই, সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, রেমিট্যান্স বিতরণ সহজীকরণ এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে দেশের যেকোনো প্রান্তে অবস্থানরত গ্রাহকরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, "ফিনটেক ভবিষ্যতে লেনদেনের প্রচলিত ধারা বদলে দেবে। সময়ের চাহিদা পূরণে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখে চলেছে।"

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, "আমরা প্রচলিত ব্যাংকিং সেবাকে আরও সহজ ও বিস্তৃত করতে চাই। নগদের তিন লক্ষাধিক এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আমাদের গ্রাহকরা প্রত্যন্ত এলাকাতেও সেবা পাবেন। এটি আমাদের সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াবে।"

তিনি জানান, বর্তমানে এনআরবি ব্যাংকের ১০৯টি শাখা ও উপশাখা থাকলেও দেশের সব অঞ্চলে সরাসরি সেবা দেওয়া সম্ভব নয়। নগদের এজেন্ট নেটওয়ার্ক সেই সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ জানায়, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সম্প্রতি ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের মাধ্যমে নগদে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগ চালু করা হয়েছে।

এছাড়া বাংলা কিউআর (Bangla QR) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) সুবিধা চালুর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই ক্যাশলেস পেমেন্ট করা যাচ্ছে।

//ডিবিটেক/এসআর/এনএএম//