কম্পিউটেক্স ২০২৬-এ ‘এন্টার ইনফিনিটি’ থিম নিয়ে হাজির হচ্ছে গিগাবাইট
বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার জায়ান্ট গিগাবাইট বৈশ্বিক প্রযুক্তির সবচেয়ে বড় মঞ্চ ‘কম্পিউটেক্স ২০২৬’-এ তাদের অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এবারের প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি ‘এন্টার ইনফিনিটি’ থিমকে সামনে রেখে তাদের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, ল্যাপটপ, মনিটরসহ সম্পূর্ণ কনজ্যুমার প্রোডাক্ট লাইনআপ উন্মোচন করতে যাচ্ছে। প্রযুক্তিপ্রেমী ও গেমারদের জন্য এই আয়োজনটি আরও বেশি চমকপ্রদ হতে চলেছে, কারণ গিগাবাইট এবার তাদের দীর্ঘ ৪০ বছর পূর্তির এক অনন্য মাইলফলক উদযাপন করছে। চার দশকের এই প্রযুক্তিগত উদ্ভাবনের ধারাবাহিকতায় কোম্পানিটি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, ইমার্সিভ গেমিং এবং ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ের এক অবিশ্বাস্য ভবিষ্যৎ রূপরেখা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।
গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এন্টার ইনফিনিটি’ থিমের মূল লক্ষ্য হলো তাদের দীর্ঘদিনের শক্তিশালী ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে এআই যুগের ভবিষ্যৎ ভাবনার সঙ্গে নিখুঁতভাবে যুক্ত করা। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি মূলত এআই-চালিত সিস্টেম অপটিমাইজেশন, লোকাল এআই কম্পিউটিং এবং এআই-সমৃদ্ধ ইউজার এক্সপেরিয়েন্সের একঝাঁক আধুনিক সমাধান প্রদর্শন করবে। শুধু তাই নয়, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এআই-ভিত্তিক পারফরম্যান্স টিউনিং, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আল্ট্রা-ফাস্ট ওয়ার্কফ্লো, হাই-এন্ড এআই পিসি এবং এজ এআই অ্যাপ্লিকেশনের বাস্তবসম্মত ব্যবহারিক দিকও প্রযুক্তিপ্রেমী পাঠকদের চোখ জুড়াবে। এর পাশাপাশি থাকবে লোকাল এআই অ্যাকসেলারেশন ও স্কেলেবল এআই ওয়ার্কফ্লোর জন্য বিশেষায়িত এআই বক্স এবং এআই টপ সমাধান।
চলতি আসরের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে গিগাবাইটের প্রিমিয়াম গেমিং ব্র্যান্ড ‘অরাস’-এর নেতৃত্বে তৈরি ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সীমিত সংস্করণের ‘ইনফিনিটি সিরিজ’। এই বিশেষ স্মারক সিরিজে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, চেসিস এবং পেরিফেরাল ডিভাইসে নান্দনিক ডিজাইনের পাশাপাশি যুক্ত করা হয়েছে চরম কার্যক্ষমতার লেটেস্ট হার্ডওয়্যার প্রযুক্তি। গেমারদের জন্য থাকছে নতুন প্রজন্মের মাদারবোর্ড, আল্ট্রা-স্মুথ ওএলইডি গেমিং মনিটর এবং কেবল-লুকানো নিখুঁত পিসি বিল্ডের জন্য কেবল-স্টেলথ প্রযুক্তি ও সম্পূর্ণ ভিন্নধর্মী উড-এডিশন পণ্য। তাইওয়ানের নানগাং এক্সিবিশন সেন্টারের হল-১ এর ৪র্থ তলায় কনজ্যুমার বুথ (#M0520) এবং ১ম তলায় এন্টারপ্রাইজ বুথ (#K0802) নিয়ে হাজির থাকবে গিগাবাইট। এছাড়া আজ ১ জুন থেকেই শুরু হওয়া ‘৪০তম অ্যানিভার্সারি ইনফিনিটি সিরিজ কুইজ’-এ অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে গেমারদের স্বপ্নের অরাস জিফোর্স আরটিএক্স ৫০৯০ ইনফিনিটি ৩২জি গ্রাফিক্স কার্ড জিতে নেওয়ার এক সুবর্ণ সুযোগ।
/ডিবিটেক/ এসআর/ ইকে/



