৪০০০ কর্মী ছাঁটাই করছে সিসকো
ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং অর্ডারের জোয়ার থাকা সত্ত্বেও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে নেটওয়ার্কিং সরঞ্জামের বিশ্বসেরা প্রতিষ্ঠান সিসকো সিস্টেমস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের সক্ষমতা বাড়াতে এবং নিজেদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন করতে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৫ শতাংশ বা প্রায় ৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে।
বুধবার সিসকো জানিয়েছে, হাইপারস্কেলারদের (বৃহৎ ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান) কাছ থেকে এআই অবকাঠামোর জন্য বিপুল পরিমাণ অর্ডার পেয়েছে তারা। চলতি অর্থবছরে এআই সংশ্লিষ্ট অর্ডারের পরিমাণ ৫ বিলিয়ন থেকে বেড়ে ৯ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এই অভাবনীয় সাফল্যের খবরে শেয়ার বাজারে সিসকোর শেয়ারের দাম এক লাফে ১৬ শতাংশের বেশি বেড়ে গেছে।
সিসকোর প্রধান নির্বাহী চাক রবিন্স জানান, এআই যুগে তারাই টিকে থাকবে যারা দ্রুত নিজেদের বিনিয়োগের ক্ষেত্র পরিবর্তন করতে পারবে। সিসকো এখন সিলিকন, অপটিক্স, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উচ্চ-চাহিদাসম্পন্ন ক্ষেত্রগুলোতে বেশি বিনিয়োগ করতে চায়। আর এই কৌশলগত পরিবর্তনের কারণেই কিছু নির্দিষ্ট বিভাগ থেকে কর্মী কমানো হচ্ছে।
আর্থিক চিত্র ও প্রবৃদ্ধি
নেটওয়ার্কিং পণ্য: গত বছরের তুলনায় এই প্রান্তিকে অর্ডারের পরিমাণ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।
ডেটা-সেন্টার সুইচিং: এই খাতে অর্ডারের প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ।
তৃতীয় প্রান্তিকের আয়: এপ্রিল পর্যন্ত সিসকোর আয় হয়েছে ১৫.৮৪ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি।
ভবিষ্যৎ লক্ষ্য: ২০২৭ অর্থবছর নাগাদ এআই হাইপারস্কেল খাত থেকে অন্তত ৬ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
পুনর্গঠন ব্যয়
এই কর্মী ছাঁটাই এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সিসকোর প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার খরচ হবে। এর বড় একটি অংশ চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে এবং বাকিটা ২০২৭ সালে সমন্বয় করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সিসকোর এই পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান বাজারে কেবল ভালো চিপ থাকলেই হবে না, বরং সেই চিপগুলোকে যুক্ত করার জন্য যে উচ্চগতির নেটওয়ার্ক প্রয়োজন, তার চাহিদা এখন তুঙ্গে। আর সেই বাজারের নেতৃত্ব দিতেই নিজেদের পুরনো কাঠামো ভেঙে নতুন করে সাজাচ্ছে সিসকো।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স



