ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ
করদাতা এখন থেকে ইমেইলে ওটিপি পাবেন প্রবাসী করদাতারা
ওটিপির সমস্যা কাটিয়ে প্রবাসীদের ইমেইলে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
একই বিজ্ঞপ্তিতে চলতি করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে। সব ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু চালু বিষয়ে বলা হয়েছে, এর আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
এ ছাড়া যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়।
ফলে এখন থেকে ব্যক্তিশ্রেণির প্রবাসী করদাতারা অনলাইনে তাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের জন্য ইমেইল নিবন্ধন করে নিতে পারবেন। এতে করে প্রবাসীরা ওই মেইলের মাধ্যমেই রিটার্ন দাখিলের সব কাজ করতে পারবেন; এর মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগও থাকছে।
প্রসঙ্গত, আয়কর রিটার্ন দাখিলের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারের প্রয়োজন হয়; রিটার্ন দাখিল ও পাসওয়ার্ড পরিবর্তনের জন্য এ নিবন্ধিত নম্বরেই তাদের ওটিপি যায়। প্রবাসীদের অনেকে এ নিয়ে বিপাকে পড়ছিলেন; তাদের সেই নিবন্ধিত নম্বর বিদেশে বন্ধ থাকায় অনলাইনে রিটার্ন দাখিল করা যাচ্ছিল না। এ সমস্যা সমাধানের জন্য ইমেইলে কাজ সারতে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম







