বরিশাল পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
৭ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫  

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্য নিয়ে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’ প্রতিযোগিতার জাতীয় পর্ব। যেখানে ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৫০টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেবে। জাতীয় পর্যায়ে সেরা তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকরা আকর্ষণীয় পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।

এর অংশ হিসেবে ৬ ডিসেম্বর, শনিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে  বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা।

বরিশাল অঞ্চলের মোট ১৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ১৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় এবং ৪৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে সেরা ৪টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।

প্রতিযোগিতাটি আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন ASSET (Accelerating and Strengthening Skills for Economic Transformation) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব প্রকৌশলী মীর জাহিদ হাসান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক, এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী ও অভিভাবকসহ বহু মানুষ অংশ নেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের প্রাতিষ্ঠানিক পর্ব। এতে প্রায় ১০,০০০ শিক্ষার্থী ৩,২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৩টি করে প্রকল্প আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হয়।
ডিবিটেক/বিকম/ইকে