হোয়াটসঅ্যাপে থাকছে না মাইক্রোসফটের কো-পাইলট
মাইক্রোসফট ঘোষণা করেছে যে তাদের এআই চ্যাটবট কো-পাইলট আগামী ১৫ জানুয়ারির পর আর হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে না। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা চ্যাটবটটির সঙ্গে কথা বলতে চাইলে মাইক্রোসফটের নিজস্ব কো-পাইলট মোবাইল অ্যাপ অথবা ওয়েব সংস্করণ ব্যবহার করতে হবে। খবর টেকক্রাঞ্চ।
হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা মেনে চলার অংশ হিসেবেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে প্ল্যাটফর্মটি জানায়, তারা আর হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইয়ের মাধ্যমে সাধারণ এআই চ্যাটবট চালানোর অনুমতি দেবে না। এই নীতির ফলে ওপেনএআই, মাইক্রোসফট, পারপ্লেক্সিটি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের চ্যাটবট বিতরণের চ্যানেল হিসেবে হোয়াটসঅ্যাপ আর ব্যবহৃত হবে না।
তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের গ্রাহকদের সেবা দিতে এআই ব্যবহার করতে পারবে—এই বিষয়ে কোনো বাধা নেই।
ওপেনএআই আগেই জানিয়েছিল যে তারা জানুয়ারি থেকেই তাদের হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন বন্ধ করে দেবে।
কো-পাইলট ব্যবহারকারীদের জন্য আরেকটি অসুবিধা হলো—হোয়াটসঅ্যাপে থাকা পূর্বের চ্যাটগুলো মাইক্রোসফট প্ল্যাটফর্মে স্থানান্তর করা যাবে না, কারণ হোয়াটসঅ্যাপে চ্যাটবটটি অনঅথেন্টিকেটেডভাবে কাজ করছিল। ফলে যার প্রয়োজন, তার উচিত ১৫ জানুয়ারির আগেই হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন টুল দিয়ে চ্যাটহিস্ট্রি এক্সপোর্ট করে রাখা।
ডিবিটেক/বিএমটি



