আইফোনেই মিলবে ডিজিটাল পাসপোর্ট

আইফোনেই মিলবে ডিজিটাল পাসপোর্ট
১৩ নভেম্বর, ২০২৫ ১৩:৫৫  

“ডিজিটাল আইডি” নামে নতুন ফিচার চালু করেছে অ্যাপল, যার মাধ্যমে আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন তাদের মার্কিন পাসপোর্ট ফোনে সংরক্ষণ করে বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে ব্যবহার করতে পারবেন। প্রাথমিকভাবে ২৫০টির বেশি বিমানবন্দরে এ সুবিধা চালু হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

ডিজিটাল আইডি ফিচারটি আইওএস ২৬ সংস্করণের অংশ হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে পাসপোর্ট ছাড়াও বিভিন্ন সরকারি পরিচয়পত্র অ্যাপল ওয়ালেটে যোগ করা যাবে। ব্যবহারকারীরা পাসপোর্টের ছবি স্ক্যান করে ও ডিভাইসের ক্যামেরায় মুখের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে আইডি সংরক্ষণ করতে পারবেন।

তবে এই আইডি এখনো আন্তর্জাতিক ভ্রমণে ব্যবহারযোগ্য নয় এবং ফিজিক্যাল পাসপোর্টের বিকল্পও নয় বলে জানিয়েছে অ্যাপল। ফিচারটি বর্তমানে কয়েকটি অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

অ্যাপল জানিয়েছে, ভবিষ্যতে এই ডিজিটাল আইডি ব্যবহার করে বয়স যাচাইসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন সেবায় পরিচয় নিশ্চিত করা যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কখন বা কোথায় আইডি ব্যবহার হয়েছে—সে তথ্য সংরক্ষণ করবে না।

ডিবিটেক/বিএমটি