২৫ সেপ্টেম্বর ঢাবিতে বসছে ক্যান্সার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

২৫ সেপ্টেম্বর ঢাবিতে বসছে ক্যান্সার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৪  
৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৬  

আগামী আগামী ২৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসছে ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশে ক্যান্সার গবেষণা, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে UNESCO Participation Program 2024-25 এর অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।

সম্মেলনের আয়োজক সহযোগী হিসেবে রয়েছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)। সম্মেলনে ক্যান্সার ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি, শিক্ষার ও সচেতনতার অভাব, সামাজিক এবং চিকিৎসা সেবায় অসম সুযোগ নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই সমাধান খুঁজবেন আলোচকরা। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান।  দেশি-বিদেশি বিশিষ্ট অনকোলজিস্ট ও গবেষকদের মধ্যে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এর এমেরিটাস প্রফেসর  স্যার ওয়াল্টার বডমার; অঙ্কলজি ক্লাবের সভাপতি প্রফেসর এম. এ. হাই; বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) অঙ্কলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মো. আকরাম হোসেন; সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যানাটোমিক্যাল প্যাথলজিস্ট  ড. জাবেদ ইকবাল; প্ল্যানেটারি হেলথ ইনিশিয়েটিভ ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ড. রেনজো গুইন্তো; আইসডিডিআরবি’র, এমেরিটাস বিজ্ঞানী ড. ফেরদৌসি কাদরী; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। 

আয়োজক সূত্রে জানাগেছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ৩৫০ টাকা এবং পেশাজীবীরা ৭৫০ টাকা নিবন্ধন ফি দিয়ে এই ফরম পূরণ করে নাম নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানা যাবে কনফারেন্স ওয়েবসাইট থেকে। সম্মেলনটিতে কারিগরি সহযোগিতা দিচ্ছে MarketEmo এবং একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে SingHealth ও HealthSynH।

সম্মেলনটি বাংলাদেশের ক্যান্সার ব্যবস্থাপনায় গবেষণা, নীতি নির্ধারণ এবং জনসচেতনতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন এর আয়োজকরা।