সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা উদ্বোধন
হযরত শাহজালালের (রা) স্মৃতিধন্য চায়ের দেশ খ্যাত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার ও ফোন করার সুবিধা। রাষ্ট্রীয় টেলিসেবা প্রতিষ্ঠান বিটিসিএল এর মাধ্যমে সেখানে উদ্বোধন করা হলো ‘ফ্রি ওয়াইফাই’ জোন এবং ‘ফ্রি টেলিফোন বুথ’।
৬ সেপ্টেম্বর, শনিবার নিজের ফোনে সংযোগটি পরীক্ষা করে নতুন সেবাটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সিলেট জেলা প্রশাসক মোঃ. সারওয়ার আলম, বিটিসিএল সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার সাইদুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মিহির রায় এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাই এর আওতায় আনা হবে।
এর আগে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে ফ্রি টেলিফোন বুথ স্থাপন করে বিটিসিএল।







