বগুড়ার ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা

বগুড়ার ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা
২৮ আগষ্ট, ২০২৫ ১৩:৪০  
২৮ আগষ্ট, ২০২৫ ২৩:৫০  

 বাৎসরিক নবায়ন ফি, লাইসেন্স ফি, ব্যাংক গ্যারিন্টি ও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ পরিশোধের বাইরে  বার্ষিক আয়ের ওপর আয়কর ও সংযোগ ফি’র ওপর সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হয় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসায়ীদের।

এরপরও ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে ক্ষমতাচ্যুত ও পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে উঠে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায়। সেখানে ইন্টারনেট ব্যবসা করতে হলে বছরে ১০ শতাংশ পৌর কর পরিশোধ  করতে ২৭ আগস্ট, বুধবার বিটিআরসি-তে চিঠি পাঠিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলম। চিঠিটি আইএসপিএবি, লাইসেন্স পরিদর্শকদেরও দেয়া হয়েছে। 

বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীরা। 

আইএসপিএবি বগুড়ার সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ জানান, ফ্যাসিস্ট সরকারের পৌর মেয়র ও কাউন্সিলররা জবরদস্তিমূলকভাবে এই ১০ শতাংশ কর বসিয়েছিলো। তবে অন্তর্বর্তী সরকারের আমলে তা বস্তবায়নের অপ চেষ্টা চলছে। 

আর সভাপতি শরিফুল আলম জানিয়েছেন, পৌর করসংক্রান্ত এই জটিলতার কারণে তারা ব্যাংকিং কাজ ও আয়কর রিটার্ন দেওয়ার ক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হচ্ছেন। একই কারণে এখন তারা ট্রেড লাইসেন্স নবায়নও করতে পারছেন না। 

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে  স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক এস এম গোলাম সরোয়ার।