মাইক্রোসফট সার্ভার হ্যাক: শতাধিক সংস্থা আক্রান্ত
মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের একটি অজানা ত্রুটি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে অন্তত ১০০টি সংস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা গবেষণা সংস্থা শ্যাডো সার্ভার ফাউন্ডেশন ও আই সিকিউরিটি জানায়, হ্যাকিংয়ে আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানির বেশ কিছু সরকারি সংস্থা রয়েছে। খবর রয়টার্স।
মাইক্রোসফট শনিবার সতর্কতা জারি করে জানায়, সেলফ-হোস্টেড শেয়ারপয়েন্ট সার্ভারে সক্রিয় হামলার প্রমাণ মিলেছে। হামলাকারীরা “জিরো-ডে” দুর্বলতা ব্যবহার করে সার্ভারে প্রবেশ করে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। গবেষকরা জানান, বিশ্বের ৯ হাজারের বেশি সার্ভার ঝুঁকিতে রয়েছে।
গুগল জানায়, এই হামলার কিছু অংশ চীন সংশ্লিষ্ট হ্যাকারদের সঙ্গে সম্পৃক্ত। তবে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি জানার পর মাইক্রোসফট নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে এবং ব্যবহারকারীদের তা দ্রুত ইনস্টল করার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা কেবল প্যাচ ব্যবহারই যথেষ্ট নয় বলেও সতর্ক করেছেন।
ডিবিটেক/বিএমটি







