ফিরছে ৩ ও ১৫ দিনের ডেটা প্যাকেজ
দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৫১ লাখ গ্রাহক। তবে টানা চার মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র জরিপে এর কারণও উঠে এসেছে। দেখা গেছে, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৭০ শতাংশ গ্রাহক ব্যবহার করেন তিনদিনের ডাটা প্যাকেজ। কিন্তু নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি- টানা চার মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।
অপরদিকে ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেওয়ায় ক্রমেই কমতে থাকে মোবাইল অপারেটরদের আয়ও। এমটব’র বাজেট পরবর্তি সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জিপি, রবি ও বাংলালিংকের বিক্রীত সেবার আয় ছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেইসঙ্গে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। কিন্তু তৃতীয় প্রান্তিকে ৮ হাজার ১৪৭ কোটি টাকা আয় করলেও প্রবৃদ্ধি নেমে যায় ১ দশমিক ৯২ শতাংশে। চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধির হারও ছিল ঋণাত্মক ১ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরেও ঋণাত্মক ধারা অব্যাহত ছিলো। বছরের প্রথম প্রান্তিকে (জানু-মার্চ) ৭ হাজার ৯০৫ কোটি টাকা করে প্রবৃদ্ধি ছিলো ঋণাত্মক ১ দশমিক ২৪ শতাংশ।
এমন পরিস্থিতিতে ফের ফিরছে গ্রাহকের কাছে জনপ্রিয় ৩ দিন ও ১৫ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ। গত বছরের অক্টোবরে ডেটা প্যাকেজের সংখ্যা ৯৫টির পরিবর্তে ৪০টিতে নামিয়ে আনার সময় এই প্যাকেজগুলো বাদ পড়েছিলো। তবে এবার গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।
বিটিআরসিতে অপারেটেরদের নিয়ে অনুষ্ঠিত ক্লোজ ডোর বৈঠকে এই সুখবর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, আমরা গণশুনানিতে দেখেছি গ্রাহকদের কাছে ছোট ছোট প্যাকেজ গুলোর ব্যাপারে ডিমান্ড আছে। বিষয়টি নিয়ে মাননীয় আইসিটি উপদেষ্টাে আমাদের বলেছেন, একটা সার্ভে করে জনিপ্রয় প্যাকেজগুলো যাতে কনসিডারেশনে আনা হয়। যাচাই বাছাই শেষে গ্রাহকদের যেটা পছন্দ, সেখানে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকেন। অন্তত দুইটা তিনটা প্যাকেজ এমন আছে। আমরাও এ নিয়ে ডিবেট করেছি। তাই এটা হয়তো খুব দ্রুতই অপারেটরদের দিয়ে দেবো যাতে তারা এগুলো গ্রাহকদের দিতে পারে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবক’টি অপারেটরই।







