জুমে ম্লান স্কাইপে

১ এপ্রিল, ২০২০ ০৬:৩৫  
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে বা নির্দিষ্ট স্থানে বাধ্যতামূলকভাবে অবস্থান করছেন অনেকে। অবসর সময়ে প্রিয়জনের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় চাহিদা বৃদ্ধি পেয়ে এক মাসেই ৭০ শতাংশ ব্যবহারকারী বেড়েছে স্কাইপের। তবে তারপরও করোনা ভাইরাস সময়ে জুমের কাছে ধরাশয়ী হতে চলেছে এই ভিডিও কলিং অ্যাপটি। মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে দিনে প্রায় চার কোটি ব্যক্তি নিয়মিত স্কাইপ ব্যবহার করছেন। পরিসংখ্যান বলছে, তারপরও জুমের কাছে ক্রমেই রাজত্ব হারাতে চলেছে ২০১১ সালে অধিগ্রহণ করা এই ভিডিও কলিং অ্যাপটি। ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে মাইক্রোসফট যখন স্কাইপ কিনছিলো, ঠিক ওই সময়েই অভিষেক ঘটের জুম এবং স্ন্যাপচ্যাটের। আইফোন ৪ এ এটি অবমুক্ত করা হয়। তখন স্কাইপের ১০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী ছিলো। ৮০ লাখ ব্যবহারকারী অর্থের বিনিময়ে এই মাধ্যমটি থেকে ভিওআইপি সেবা নিতো। আর ২০১১ সালের আগে ৪০ শতাংশ ব্যবহারকারীই ভিডিও কলিংয়ের জন্য এই অ্যাপটি ব্যবহার করতো।