কাশ্মীরে ডিজিটাল যোগাযোগও বন্ধ

৮ আগষ্ট, ২০১৯ ১৩:১৩  
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে সে দেশের সব ধরনের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বাতিল করা হয়েছে । কেবল টিভি পরিষেবাও বন্ধ। কাশ্মীর ক্রোধে ফুঁসছে উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের রাস্তায় হাজার হাজার সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য টহল দিচ্ছে। কারফিউ জারি করা হয়েছে, সেখানে কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ল্যান্ডফোন, মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে রাজ্যের পুলিশ কর্মকর্তা ও উচ্চপদস্থ নেতাদের জন্য স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে। আর গত রোববার রাজ্যবাসীর সুবিধায় চালু হরা হয় ৫টি হেল্প লাইন। তবে সাধারণের সংযোগ বিচ্ছিন্ন করায় সব আয়োজনই বেকার পড়ে রয়েছে।