কঠোর হচ্ছে ব্লুস্কাই

১ ডিসেম্বর, ২০২৪ ১১:৫১  

ভিন্নধর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে নতুন ব্যবহারকারীদের আগমনে প্ল্যাটফর্মে ‘প্যারোডি’ এবং নকল অ্যাকাউন্টের সমস্যা বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে ব্লুস্কাই তাদের নীতিমালায় আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। খবর ম্যাশেবল।

ব্লুস্কাইয়ের সেফটি অ্যাকাউন্ট থেকে এক থ্রেডে জানানো হয়েছে, “ব্লুস্কাইতে প্যারোডি, ব্যাঙ্গাত্মক বা ফ্যান অ্যাকাউন্ট অনুমোদিত, তবে এগুলোকে অবশ্যই তাদের নাম এবং বায়োতে স্পষ্টভাবে সেটি উল্লেখ করতে হবে, যাতে অন্যরা বুঝতে পারে এটি অফিশিয়াল অ্যাকাউন্ট নয়”।

এছাড়া প্ল্যাটফর্মটি "আইডেন্টিটি চার্নিং" সমস্যার প্রতিও কঠোর নজর দিচ্ছে। এটি একটি পদ্ধতি যেখানে অ্যাকাউন্টগুলো প্রথমে ভিন্ন নাম ধারণ করে ফলোয়ারের সংখ্যা বাড়ায়, তারপর সম্পূর্ণ নতুন পরিচয়ে অ্যাকাউন্টটি উপস্থাপন করে।

ব্লুস্কাইয়ের টার্মস অব সার্ভিসের পরিবর্তনের একটি প্রধান কারণ ভুয়া অ্যাকাউন্টের হার বেড়ে যাওয়া। কর্নেল টেকের নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্সিওস মান্তজারলিস তার “ফেকড আপ” নিউজলেটারে উল্লেখ করেছেন, "ব্লুস্কাইয়ের শীর্ষ ১০০ অ্যাকাউন্টের ৪৪ শতাংশের অন্তত একটি ডপেলগ্যাঞ্জার বা ছদ্মবেশী অ্যাকাউন্ট রয়েছে”।

এই পদক্ষেপের মাধ্যমে প্ল্যাটফর্মটি তাদের ব্যবহারকারীদের সুরক্ষিত এবং স্বচ্ছ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়।

ডিবিটেক/বিএমটি