আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান
২৯ মার্চ, ২০২৬ ০৫:৪৫  

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে ২৯ মার্চ রবিবার আগারগাঁও আইসিটি টাওয়ারের এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। পরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নতুন সচিব। 

মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। 

এর আগে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থেকে পাদায়নের মাধ্যামে গত ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন কাজী আনোয়ার হোসেন। এর আগে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

 কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি মাঠ প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন কাজী আনোয়ার হোসেন। তিনি জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সচিব পদে উন্নীত হয়ে বিদায়ী সচিব শীষ হায়দার চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

ডিবিটেক/এনএ/ইকে