সাকিবের জন্মদিনে সতীর্থদের ভার্চুয়াল শুভেচ্ছা

সাকিবের জন্মদিনে সতীর্থদের ভার্চুয়াল শুভেচ্ছা
২৪ মার্চ, ২০২৬ ০৯:৪২  

২৪ মার্চ, মঙ্গলবার, বাংলাদেশের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। । মাগুরার আলোকদিয়া মাঠ থেকে বিকেএসপি হয়ে মিরপুর মাঠ কাঁপিয়ে ছোট্ট ফয়সাল রাজত্ব করেছেন বাইশগজে। তবে রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা সাকিব দেশের মাটিতেই খেলার ইতি টানতে চেয়েছিলেন।

তাই তার এবারের জন্মদিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম, রুবেল হোসাইনসহ তার সতীর্থরা।

সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবার মুশফিকও বললেন, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই। 

পোস্টে তিনি লেখেন, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।

ক্রিকেটার নাসির হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, সেরা ক্রিকেটারদের একজন, সাকিব আল হাসানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেটে আপনার একনিষ্ঠতা, আবেগ এবং অবদান লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।

তিনি লেখেন, মাঠের ভেতরে এবং বাইরে আপনার সঙ্গে দারুণ সব মুহূর্ত কাটানো সবসময়ই আনন্দের। দোয়া করি, এই বছরটি আপনার জন্য আরও সাফল্য, সুখ এবং অবিস্মরণীয় অর্জন বয়ে আনুক! সব সময় আপনার জন্য শুভকামনা।’

স্পিনার তাইজুল ইসলামও নিজের ভেরিফায়েড ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ অলরাউন্ডারকে। পোস্টে তাইজুল লেখেন, শুভ জন্মদিন কিংবদন্তি। ২২ গজে আপনি সব সময় আমাদের অনুপ্রেরণার নাম।

সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’ এ ছাড়া আরও অনেকেই টাইগার অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন।   

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, খেলার প্রতি আপনার অবদান আমাদের ক্রমাগত অনুপ্রাণিত করে চলেছে। শুভ জন্মদিন সাকিব ভাই। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার ইমরুল কায়েস সাকিব আল হাসানের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট ও বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করেন সাকিব। সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার কীর্তিও গড়েছেন এই তারকা।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম