চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু 

চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু 
১০ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৬  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে যন্ত্র প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানীর ওপর অষ্টম আন্তর্জাতিক সম্মেলন। 

১০ ডিসেম্বর, বুধবার সকাল থেকে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে যোগ দিচ্ছেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা।  তারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিক্স, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে তাদের ভাবনা ও গবেষণা তুলে ধরছেন। 

এতে ৬টি কী-নোট সেশন ও ১টি ইনভাইটেড সেশন অনুষ্ঠিত হচ্ছে। সবমিলিয়ে কনফারেন্সে  ২৪১টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা। 

এছাড়া আরও থাকবে পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট, রোবারেস প্রতিযোগিতা। শিল্প-একাডেমিয়া সমন্বয় আরও সুদৃঢ় করতে উক্ত কনফারেন্সে ২০টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছে।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের উদ্যোগে চলমান এই সম্মেলনের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, আমাদের একসাথে কাজ করার এবং দেশ ও সমাজের কল্যাণে নতুন কিছু করার এক অসাধারণ সুযোগ এসেছে। এই কনফারেন্স থেকে প্রাপ্ত সমাধানসমূহ আমাদের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মানচিত্রে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে। আমি বিশ্বাস করি, এখানে যে জ্ঞান বিনিময় হচ্ছে তা সমাধানের সীমায় সীমাবদ্ধ থাকবে না বরং নীতিনির্ধারণ, প্রযুক্তি এবং আগামী প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন- চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।  বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসাল্টেন্সি এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম। কনফারেন্স চেয়ার ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। 

এছাড়া আরও বক্তব্য রাখেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা (Akio Miyara) ও নরওয়ের আগডার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. তরে ভেহুস (Tore Vehus)। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। 

এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২১ ব্যাচের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।
বিটিআরসি/আইইএম/ইকে