২৫ হাজার গ্র্যাজুয়েটের অংশগ্রহণে ২ হাজার ৫০০ ইন্টার্ন নিয়োগের লক্ষ্যে বিডিজবসের আয়োজন

২২ জুলাই ফার্মগেটে বসছে দেশের সর্ববৃহৎ ইন্টার্ন জব ফেয়ার

দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম আগামী ২২ জুলাই, বুধবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দেশের সর্ববৃহৎ ইন্টার্ন জব ফেয়ার আয়োজন করতে যাচ্ছে। দিনব্যাপী এই মেলায় ২৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট অংশ নেবেন এবং ১০০-র বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান ২ হাজার ৫০০ ইন্টার্ন নিয়োগের লক্ষ্যে অংশগ্রহণ করবে।

২২ জুলাই ফার্মগেটে বসছে দেশের সর্ববৃহৎ ইন্টার্ন জব ফেয়ার
২১ জুলাই, ২০২৬ ১৫:৪৯  

গ্র্যাজুয়েশন শেষ করে বেশির ভাগ চাকরিপ্রার্থীর জন্য প্রথম চাকরি জোগাড় করা অনেক কষ্টসাধ্য। অধিকাংশ চাকরিতেই অভিজ্ঞতা চাওয়া হয়, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান বেতনসহ ইন্টার্নশিপও অফার করে থাকে। এই সুযোগকে চাকরিপ্রার্থীদের হাতের নাগালে এনে দিতে আগামী ২২ জুলাই, বুধবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে দেশের সর্ববৃহৎ ‘ইন্টার্ন জব ফেয়ার’ আয়োজন করছে দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম।

আজ মঙ্গলবার (২১ জুলাই) জানা গেছে, গত দুই বছর ধরে দেশের গ্র্যাজুয়েটদের জন্য এই ইন্টার্নশিপ জব ফেয়ার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের তথ্যমতে, ২৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করবেন। শতাধিক দেশি ও বহুজাতিক নিয়োগদাতা প্রতিষ্ঠান ২ হাজার ৫০০ ইন্টার্ন নিয়োগের লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।

মেলার বিশেষ আকর্ষণ থাকছে দিনব্যাপী টেস্ট ইন্টারভিউ সেশন। দেশের গ্র্যাজুয়েটদের সাক্ষাৎকার-ভীতি দূর করা এবং তাঁদের ক্যারিয়ারের যথাযথ দিকনির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তারা এই টেস্ট ইন্টারভিউ সেশন পরিচালনা করবেন।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিডিজবস ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর।

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক প্রকাশ রায় চৌধুরী আগ্রহী চাকরিপ্রার্থীদের মেলায় অংশগ্রহণের জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
//ডিবিটেক//পিআরসি/এসএমই//