এবার নিজস্ব নামে মেটার নতুন স্মার্ট গ্লাস: কী আছে এতে?
দীর্ঘ পাঁচ বছর ধরে রে-ব্যান ও ওকলির মতো প্রিমিয়াম ব্র্যান্ডের সাথে যৌথভাবে স্মার্ট চশমা তৈরির পর, এবার নিজেদের ব্র্যান্ডকে সামনে রেখে নতুন চশমা নিয়ে এসেছে টেক জায়ান্ট মেটা। ব্র্যান্ড লেবেল বাদ দিয়ে উন্মোচিত নতুন এই লাইনের নাম রাখা হয়েছে 'মেটা গ্লাস'।
ডিজাইনার ব্র্যান্ড বাদ দেওয়ায় চশমাগুলোর দাম কিছুটা কমানো সম্ভব হয়েছে। নতুন এই সিরিজের চশমাগুলোর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যা রে-ব্যান মডেলের চেয়ে প্রায় ৮০ ডলার কম। মেটা চশমাগুলোর ফিচার বা কারিগরি সক্ষমতায় কোনো ছাড় না দিলেও, রে-ব্যানের তুলনায় এগুলোর ডিজাইন ও তৈরি কিছুটা কম প্রিমিয়াম বা ভারী মনে হতে পারে।
মেটার নতুন এই লাইনে অ্যাডভেঞ্চারার, স্টারফায়ার এবং ফিউরি- এই তিনটি প্রধান ফ্রেম স্টাইলের পাশাপাশি বিভিন্ন রঙ ও লেন্সের বৈচিত্র্য আনা হয়েছে। চশমার কাচ ও ফ্রেমে রে-ব্যানের লোগোর পরিবর্তে এখন মেটার ইনফিনিটি (∞) লোগো স্থান পেয়েছে।
প্রযুক্তিগত দিক থেকে দ্বিতীয় প্রজন্মের রে-ব্যান চশমার মতোই এতে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, নয়েজ-ক্যানসেলিং মাইক্রোফোন এবং কাস্টমাইজেবল অ্যাকশন বাটন। নতুন ফিচার হিসেবে এতে 'ডাইনামিক ক্যাপচার' মোড যুক্ত করা হয়েছে, যা লাইভ ছবির মতো এক সাথে একাধিক ছবি তুলে সেরা ফ্রেমটি বেছে নেওয়ার সুযোগ দেয়।
তবে মেটা গ্লাসের এআই ফিচারগুলো চালাতে তাদের সর্বশেষ এআই মডেল 'মিউজ স্পার্ক' ব্যবহৃত হচ্ছে। কোলাহলপূর্ণ পরিবেশে কারো কথা স্পষ্টভাবে শোনার ফিচারটি (কনভারসেশন ফোকাস) মাসে ৩ ঘণ্টার বেশি ব্যবহার করতে হলে 'মেটা ওয়ান' সাবস্ক্রিপশন ফি দেওয়ার শর্ত রাখা হয়েছে।
এদিকে পথচারী ও আশপাশের মানুষের গোপনীয়তা রক্ষার খাতিরে মেটা একটি বাধ্যতামূলক সফটওয়্যার আপডেট এনফোর্স করছে, যাতে চশমার নোটিফিকেশন এলইডি লাইটে কোনো কারচুপি করা হলে ক্যামেরাটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা দিতে মেটা গ্লাস বেশ কার্যকর হলেও, রে-ব্যানের মতো মার্জিত ফিনিশিং বা প্রিমিয়াম অনুভূতির ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে গেছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





