মহাকাশ বিজয়ের স্বপ্নে শিশুদের স্পেস রোবোটিক্স এস্ট্রনট ক্যাম্প অনুষ্ঠিত
মহান বিজয় দিবসের মাহেন্দ্র ক্ষণে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আগা খান একাডেমি ঢাকায় খুদে-তরুণ শিক্ষার্থীদের নিয়ে বসেছিলো মহাকাশ জয় স্বপ্নের হাতে খড়ি। ১৫ ডিসেম্বর, সোমবার বসুন্ধরা আবাসিকের প্রবেশমুখে অবস্থিত বিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এস্ট্রনট ক্যাম্প।
স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে এই ক্যাম্পে মহাকাশ বিজ্ঞান বিষয়ে কৌতুহলী হয়ে ওঠে আগত শিক্ষার্থীরা। সেখানে হাতে-কলমে মহাকাশের খুঁটিনাটি বিষয়ে গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি ও স্পেস রোবোটিক্স সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় তারা।
ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য ছিলো এপোলো মুন মিশন নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে চাঁদে মানুষের প্রথম অভিযানের ইতিহাস, উদ্দেশ্য ও বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ক্যানস্যাট (CanSat) বিষয়ক একটি সেশন পরিচালিত হয়, যেখানে ক্ষুদ্র স্যাটেলাইটের গঠন, কাজের প্রক্রিয়া এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা।
কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় একটি মডেল ওয়াটার রকেট লঞ্চ। রকেট উৎক্ষেপনের এই ডেমো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করে।
এভাবেই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী বাস্তব অভিজ্ঞতা লাভ করে। বিশেষ করে এপোলো মিশনের মাধ্যমে মানব মহাকাশ অভিযানের ইতিহাস, ক্যানস্যাটের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তির মৌলিক ধারণা এবং স্পেস রোবোটিক্স ও রকেট লঞ্চের মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশলের বাস্তব প্রয়োগ সম্পর্কে তারা স্পষ্ট ধারণা অর্জন করতে সক্ষম হয়।
স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজকরা মনে করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, কৌতূহল ও উদ্ভাবনী চিন্তাধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক আয়োজন সম্প্রসারণ করার পরিকল্পনার কথাও জানান তারা।
ডিবিটেক/এসএইচ/এমইউএম







