এআই স্টার্টআপ ‘উইভি’ অধিগ্রহণ করলো ফিগমা
জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা ঘোষণা দিয়েছে যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ইমেজ ও ভিডিও জেনারেশন প্রতিষ্ঠান “উইভি” অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের পর উইভি এখন থেকে ‘ফিগমা উইভ’ নামে একটি নতুন ব্র্যান্ডের অধীনে কাজ করবে। খবর টেকক্রাঞ্চ।
ইসরায়েলের তেল আভিভ-ভিত্তিক উইভি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং চলতি বছরের জুনে এন্ট্রি ক্যাপিটালের নেতৃত্বে ৪ মিলিয়ন ডলার সিড ফান্ডিং পায়। ফিগমা জানিয়েছে, উইভির ২০ জন সদস্য তাদের টিমে যোগ দেবে, তবে চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
উইভির তৈরি ওয়েব টুল ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন এআই মডেল একত্রে ব্যবহার করে উচ্চমানের ছবি ও ভিডিও তৈরি করতে পারেন, যা প্রোডাক্ট ডিজাইন বা ব্র্যান্ডিংয়ে কাজে লাগবে। এতে লাইটিং, রঙ, কোণ ও লেয়ার এডিট করে সহজেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।
ফিগমা জানায়, উইভির এই নোড-ভিত্তিক ডিজাইন পদ্ধতি এআই জেনারেশনে সৃজনশীলতা ও নিয়ন্ত্রণের নতুন মাত্রা যোগ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডিলান ফিল্ড বলেন, “উইভি এমন এক টুল তৈরি করেছে যা একই সঙ্গে শক্তিশালী ও ব্যবহারবান্ধব—এটি ব্যবহার করাটাই আনন্দের।”
ডিবিটেক/বিএমটি







