ব্যাকআপ সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন পাসকি সুবিধা

ব্যাকআপ সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন পাসকি সুবিধা
২ নভেম্বর, ২০২৫ ১৩:০০  

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপে নতুন “পাসকি” সুরক্ষা ব্যবস্থা যোগ করেছে। এর ফলে ব্যবহারকারীরা ডিভাইস হারিয়ে ফেললেও আগের ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক কোড ব্যবহার করে ব্যাকআপে প্রবেশ করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

২০২১ সালের আগে হোয়াটসঅ্যাপ ব্যাকআপে এনক্রিপশন ব্যবস্থা ছিল না। পরে মেটা ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা ৬৪ অক্ষরের এনক্রিপশন কি দিয়ে ব্যাকআপ সুরক্ষার সুযোগ দেয়। তবে সমস্যা ছিল—ব্যাকআপ পুনরুদ্ধার করতে হলে সেই পাসওয়ার্ড বা কী মনে রাখতে হতো।

নতুন পাসকি ফিচারের মাধ্যমে এখন পাসওয়ার্ড বা কী মনে রাখার প্রয়োজন নেই; ডিভাইসের বিল্ট-ইন অথেন্টিকেশন পদ্ধতিতেই ব্যাকআপ খোলা যাবে।

হোয়াটসঅ্যাপ, যার সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এখন তিন বিলিয়ন ছাড়িয়েছে, জানিয়েছে—এই ফিচারটি পরবর্তী কয়েক সপ্তাহ ও মাসে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে।

ব্যবহারকারীরা Settings > Chats > Chat backup > End-to-end encrypted backup এ গিয়ে এনক্রিপ্টেড ব্যাকআপ চালু আছে কি না এবং পাসকি অপশন পাওয়া যাচ্ছে কি না তা পরীক্ষা করতে পারবেন।

ডিবিটেক/বিএমটি