নিজস্ব ডিজাইন মডেল ও এআই সুবিধা আনলো ক্যানভা
জনপ্রিয় ক্রিয়েটিভ সফটওয়্যার প্রতিষ্ঠান ক্যানভা বৃহস্পতিবার তাদের নিজস্ব ডিজাইন মডেল উন্মোচন করেছে, যা ডিজাইন লেয়ার ও ফরম্যাট বুঝে স্বয়ংক্রিয়ভাবে ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের এআই সহকারী ও অন্যান্য পণ্যেও বড় ধরনের আপডেট এনেছে। খবর টেকক্রাঞ্চ।
ক্যানভার এই নতুন ফাউন্ডেশনাল মডেল তাদের নিজস্ব ডিজাইন উপাদানের ওপর প্রশিক্ষিত, যা সম্পাদনাযোগ্য লেয়ার ও অবজেক্টসহ ডিজাইন তৈরি করতে পারে—শুধু সমতল চিত্র নয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, প্রেজেন্টেশন, হোয়াইটবোর্ড ও ওয়েবসাইটসহ বিভিন্ন ফরম্যাটে কাজ করে।
প্রতিষ্ঠানটির গ্লোবাল প্রোডাক্ট প্রধান রবার্ট কাওয়ালস্কি বলেন, “মানুষ শুধু প্রম্পট নয়, নিজের মতো করে ডিজাইন সংশোধন করতেও চায়—আমরা সেটি সহজ করেছি।”
এবার থেকে ক্যানভা এআই সহকারী পুরো প্ল্যাটফর্মজুড়ে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা মন্তব্যে বটকে @মেনশন করে টেক্সট বা মিডিয়া পরামর্শ নিতে পারবেন। নতুন ফিচারে এআই এখন ৩ডি অবজেক্ট তৈরি ও যেকোনো ডিজাইনের আর্ট স্টাইল অনুকরণ করতে পারে।
এছাড়া ক্যানভা তাদের স্প্রেডশিট ও অ্যাপ-বিল্ডিং টুল একত্র করে ডেটা থেকে ভিজ্যুয়াল উইজেট তৈরির সুবিধা এনেছে। মার্কেটিংয়ের জন্য নতুন ‘ক্যানভা গ্রো’ প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিজ্ঞাপন তৈরি ও বিশ্লেষণে এআই ব্যবহার করে।
অস্ট্রেলিয়া-ভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, তারা অধিগ্রহণ করা আফিনিটি ডিজাইন সুইট এখন থেকে স্থায়ীভাবে বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এটি ক্যানভার মূল প্ল্যাটফর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি





