এক দশকে উধাও ৩৮ শতাংশ ওয়েবপেইজ!

২৩ মে, ২০২৪ ০০:৫৫  

গত ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতি বছর হারিয়ে গেছে গড়ে ৯০ হাজারের মতো ওয়েবপেইজ। এর মধ্যে ২০১৩ সালে সক্রিয় ছিল, এমন ৩৮ শতাংশ ওয়েব পেজই এখন হারিয়ে গেছে। এমনকি, অদৃশ্য হয়ে যাচ্ছে নতুন বিভিন্ন পেজও। ২০২৩ সালের সক্রিয় থাকা বিভিন্ন ওয়েব পেজের আট শতাংশ এখন আর নেই। ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেজ ও অনলাইন কনটেন্ট হিসেবে সংগৃহিত সব ধরনের পেইজের মধ্যে ২৫ শতাংশই এখন আর নেই! এর মধ্যে ১৬ শতাংশ ওয়েব পেজ এমন এক ওয়েবসাইট থেকে এসেছে, যা এখনও সক্রিয়। আর নয় শতাংশ এমন ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলোর অস্তিত্ব এখন একেবারেই নেই।

সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যকরী ওয়েবসাইটের বেলাতেও এমনটা ঘটে থাকে বলে ইঙ্গিত মিলেছে।

‘হোয়েন অনলাইন কনটেন্ট ডিজঅ্যাপিয়ার্স’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে আমেরিকান থিঙ্ক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার। ইন্টারনেটে আর্কাইভ করে রাখা ‘কমন ক্রল’ নামের পরিষেবা থেকে প্রায় ১০ লাখ ওয়েব পেজের নমুনা সংগ্রহের মাধ্যমে এই তথ্য মিলেছে।

গবেষণ প্রতিবেদনের বিভিন্ন চার্ট বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, অনেক বেশি সংখ্যক সংবাদ সাইট ও গুরুত্বপূর্ণ রেফারেন্সের কনটেন্ট হারিয়ে যাচ্ছে। প্রায় ২৩ শতাংশ সংবাদ পেজ ও ২১ শতাংশ সরকারি ওয়েবসাইটে কমপক্ষে একটি ‘ব্রোকেন লিংক’ থাকে। আর এ ধরনের লিংকওয়ালা ৫৪ শতাংশ উইকিপিডিয়া পেজের অস্তিত্বও হারিয়ে গেছে। একই ধরনের প্রভাব দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও, যেখানে এক্স-এ পোস্ট করা এক পঞ্চমাংশ কনটেন্টই কয়েক মাসের মধ্যে সাইট থেকে অদৃশ্য হয়ে যায়। তুর্কি এবং আরবি ভাষার পোস্ট করা কন্টেন্টের ৪০ শতাংশই খুঁজে পাওয়া যায়নি তিন মাস বাদে।