এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রোম ব্রাউজারে যুক্ত হলো গুগল জেমিনি
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে এখন থেকে সরাসরি ব্যবহার করা যাবে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট 'জেমিনি'। যুক্তরাষ্ট্রে সফলভাবে চালুর পর এবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এই বিশেষ ফিচারটি উন্মুক্ত করেছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা ব্রাউজিংয়ের পাশাপাশি একই উইন্ডোতে কৃত্রিম বুদ্ধিমত্তার সব সুবিধা গ্রহণ করতে পারবেন।
গুগল আজ (২১ এপ্রিল) এক ঘোষণায় জানায়, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের ক্রোম ব্যবহারকারীরা এখন থেকে বিল্ট-ইন জেমিনি ব্যবহারের সুযোগ পাবেন। এর আগে এই বছরের শুরুর দিকে কানাডা, ভারত এবং নিউজিল্যান্ডে সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। জেমিনির এই নতুন সংস্করণে একটি বিশেষ সাইডবার যুক্ত করা হয়েছে, যা ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ করবে। ব্রাউজারের ওপরের ডান কোণায় থাকা ‘আস্ক জেমিনি’ আইকনে ক্লিক করলেই এই সাইডবারটি চালু হবে।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারী যেকোনো ট্যাবে থাকা অবস্থায় এই সাইডবারের মাধ্যমে জেমিনির সঙ্গে কথা বলতে বা প্রয়োজনীয় তথ্য খুঁজতে পারবেন। এতে ব্যবহারকারীকে বারবার ট্যাব পরিবর্তন করতে হবে না। জেমিনির মাধ্যমে গুগলের অন্যান্য অ্যাপ যেমন—ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করা বা জিমেইলের কাজগুলো সরাসরি সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ‘ন্যানো ব্যানানা ২’ এই ফিচারে যুক্ত করা হয়েছে, যা দিয়ে মুহূর্তের মধ্যেই পছন্দের ছবি তৈরি করে নেওয়া যাবে।
জাপান ছাড়া অন্যান্য দেশে ডেস্কটপ সংস্করণের পাশাপাশি আইফোন ও আইপ্যাডেও এই সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী যদি এই এআই শর্টকাটটি ব্যবহার করতে না চান, তবে রাইট ক্লিক করে খুব সহজেই তা আনপিন বা লুকিয়ে রাখতে পারবেন।
প্রযুক্তিবোদ্ধারা মনে করছেন, ব্রাউজারে এআই-এর এই সরাসরি সংযুক্তি গুগল ক্রোমকে মাইক্রোসফট এজ বা অন্যান্য ব্রাউজারের তুলনায় প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে রাখবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট







