ডিজনিল্যান্ড সম্প্রসারণে নতুন ১ হাজার কর্মসংস্থান

ডিজনিল্যান্ড সম্প্রসারণে নতুন ১ হাজার কর্মসংস্থান
২৯ মার্চ, ২০২৬ ০৯:৫৯  

ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী ডিজনিল্যান্ড পার্ক সম্প্রসারণের ফলে ১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। শুক্রবার (২৭ মার্চ) ওই পার্ক পরিদর্শনকালে ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী জশ ডি’আমারো ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানান। খবর রয়টার্স।

ডি’আমারো বলেন, “আমি বিশ্বাস করি আমরা শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে টিকে থাকব। আমরা চাকরির সুযোগ বৃদ্ধি করব। আমরা এই নতুন এলাকা নির্মাণের জন্য ১ হাজার নতুন পদ যোগ করছি।” ১৯৯২ সালে চালুর পর ডিজনিল্যান্ড প্যারিস ইউরোপের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ডিজনির প্রধান নির্বাহী জশ ডি’আমারো ডিজনিল্যান্ড প্যারিসের ‘ওয়ার্ল্ড অব ফ্রোজেন’ নতুন থিম পার্কের উদ্বোধনের আগে এটি পরিদর্শন করেন। সম্প্রসারণের অংশ হিসেবে ফ্রোজেন সিরিজের এই নতুন থিম পার্কের উদ্বোধন হচ্ছে।

ডি’আমারো গত ২ মার্চ ডিজনির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। গত বছর ডিজনির ১৭.৫ বিলিয়ন ডলার মুনাফার ৫৭ শতাংশ এসেছে তাদের থিম পার্ক ব্যবসা থেকে।

ডিবিটেক/বিএমটি