১৭ বছর পর পদ ছাড়ছেন ইন্টেল বোর্ড চেয়ার ফ্রাঙ্ক ইয়ারি
মার্কিন চিপ জায়ান্ট ইন্টেলের দীর্ঘদিনের বোর্ড চেয়ার ফ্রাঙ্ক ইয়ারি অবসরে যাচ্ছেন। মঙ্গলবার (৩ মার্চ) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছর মে মাসে বার্ষিক শেয়ারহোল্ডার সভার পর বর্তমান বোর্ড সদস্য ও চিপ খাতের প্রবীণ নির্বাহী ক্রেইগ এইচ. ব্যারাট ইয়ারির স্থলাভিষিক্ত হবেন। খবর রয়টার্স।
২০০৯ সাল থেকে ইন্টেলের বোর্ড সদস্য এবং ২০২৩ সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ইয়ারি তার পদত্যাগের কারণ হিসেবে কোম্পানির বর্তমান সুস্পষ্ট কৌশল ও আর্থিক স্থিতিশীলতার কথা উল্লেখ করেছেন।
তার এই পদত্যাগ প্রধান নির্বাহী লিপ-বু তান-এর কাছ থেকে এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন পরেই এলো। ইন্টেলকে পুনরুদ্ধারের দায়িত্ব নেওয়া তান গত বছরই কোম্পানির প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই, উৎপাদনকাজ পুনরুজ্জীবিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিকে কৌশল সাজানোর মতো বড় বড় সংস্কার শুরু করেছেন।
বিনিয়োগকারী ও কর্পোরেট উপদেষ্টা ইয়ারির পরিবর্তে সেমিকন্ডাক্টর খাতে গভীর অভিজ্ঞতা সম্পন্ন ব্যারাটের নিয়োগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষক ও সাবেক ইন্টেল নির্বাহীরা। সিপোর্ট সিকিউরিটিজের বিশ্লেষক জে গোল্ডবার্গ মনে করেন ইয়ারির প্রস্থান দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল, কারণ তার বোর্ডে থাকাকালে ইন্টেল অনেক ‘খারাপ সিদ্ধান্ত’ নিয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের পর থেকে মোবাইল ফোনের চিপ বাজারে পা রাখতে ব্যর্থ হওয়া এবং প্রতিদ্বন্দ্বী টিএসএমসি’র সাথে তাল মেলাতে না পারার কারণে এক সময়ের বাজারের শীর্ষস্থানীয় এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে।
নতুন চেয়ার ক্রেইগ ব্যারাটের ভূমিকা সম্পর্কে প্রধান নির্বাহী তান বলেন, “ক্রেইগের গভীর সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞতা রয়েছে। আমরা কঠোর পরিশ্রম, পণ্যের নেতৃত্ব ও ফাউন্ড্রি ব্যবসায় অগ্রগতির যে পর্যায়ে প্রবেশ করছি, সেখানে তার অভিজ্ঞতা ম্যানেজমেন্ট দলকে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে”।
উল্লেখ্য, ব্যারাট ২০২৫ সালের নভেম্বরে ইন্টেলের বোর্ডে যোগ দেন। এর আগে তিনি কোয়ালকম ও গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং অ্যাথেরোস কমিউনিকেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিবিটেক/বিএমটি







