গিটহাবের বিকল্প তৈরি করছে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই মাইক্রোসফটের জনপ্রিয় কোড হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাবের বিকল্প তৈরি করছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, সম্প্রতি গিটহাবে ঘন ঘন সেবা বিঘ্নের ঘটনা ঘটছে, যা ওপেনএআই-এর ইঞ্জিনিয়ারদের কাজ ব্যাহত করছে। এই সমস্যা থেকেই নিজস্ব কোড হোস্টিং প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। প্রতিষ্ঠানটির কর্মীরা এই কোড রিপোজিটরি ওপেনএআই-এর গ্রাহকদের কাছে বিক্রির সম্ভাবনাও বিবেচনা করছেন।
যদি ওপেনএআই এই পণ্য বাজারে আনে, তবে এটি হবে প্রতিষ্ঠানটির জন্য একটি সাহসী পদক্ষেপ। কারণ এর ফলে তারা তাদের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী মাইক্রোসফটের সঙ্গেই সরাসরি প্রতিযোগিতায় নামবে।
উল্লেখ্য, ২০১৮ সালে ৭৫০ কোটি ডলারে গিটহাব কিনেছিল মাইক্রোসফট। বর্তমানে প্ল্যাটফর্মটির প্রায় ১০ কোটি ডেভেলপার ব্যবহারকারী রয়েছে।
এই খবর প্রকাশের কয়েকদিন আগেই ওপেনএআই ১১০ বিলিয়ন ডলারের এক বিপুল অর্থায়ন সম্পন্ন করেছে, যার নেতৃত্ব দিয়েছে অ্যামাজন, এনভিডিয়া ও সফটব্যাংক। এই অর্থায়নের পর প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়িয়েছে ৮৪০ বিলিয়ন ডলার।
তবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। ওপেনএআই, গিটহাব ও মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







