৩০ বছর পর উইন্ডোজে ‘রান’ কমান্ডের নতুন রূপ

৩০ বছর পর উইন্ডোজে ‘রান’ কমান্ডের নতুন রূপ
৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:০০  

মাইক্রোসফট উইন্ডোজ ১১–এ ‘রান’ কমান্ড উইন্ডোকে (Win + R চাপলে যে উইন্ডোটি আসে) আধুনিক ডিজাইনে নতুনভাবে সাজাতে পরীক্ষা শুরু করেছে। উইন্ডোজ ৯৫–এ প্রথম যুক্ত হওয়া এই ফিচারটি তিন দশকেরও বেশি সময় ধরে কার্যত একই রকম ছিল। অবশেষে সেটার পরিবর্তন আসছে। খবর পিসি ওয়ার্ল্ড।

নতুন রান উইন্ডোটি মাইক্রোসফটের ফ্লুয়েন্ট নকশায় তৈরি, যেখানে গোলাকার কোণা, হালকা-ছায়ার গভীরতা এবং ডার্ক মোডের সমর্থন যুক্ত হয়েছে। ব্যবহারকারীদের জন্য এটি আগের তুলনায় আরও পরিষ্কার, ঝরঝকে ও আধুনিক অভিজ্ঞতা দেবে। তবে পরীক্ষামূলক পর্যায়ে মাইক্রোসফট ব্যবহারকারীদেরকে চাইলে আগের ক্লাসিক সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই সেটিংটি থাকবে অ্যাডভান্সড সিস্টেম সেটিংসের মধ্যে।

উইন্ডোজ প্রিভিউ লিকারেরা নতুন ডিজাইনের অস্তিত্ব চিহ্নিত করার পর বিষয়টি আলোচনায় আসে, যেখানে প্যান্থম অব আর্থ প্রথম নতুন ভিজ্যুয়াল পরিবর্তনের ইঙ্গিত দেন। দীর্ঘদিন ধরে প্রায় অপরিবর্তিত থাকা রান কমান্ডের কোড এখন ৩০ বছরের পুরোনো। তাই এর আধুনিক রূপান্তর বহু ব্যবহারকারীর প্রত্যাশিত ছিল।

তবে, নতুন ডিজাইনটি কবে স্থায়ীভাবে রোলআউট হবে, সে বিষয়ে মাইক্রোসফট এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি।

ডিবিটেক/বিএমটি