ইন্টারনেট সংযুক্ত পরিবারের সংখ্যা বেড়েছে ১১ .২ শতাংশ

ইন্টারনেট সংযুক্ত পরিবারের সংখ্যা  বেড়েছে ১১ .২ শতাংশ
২৭ আগষ্ট, ২০২৫ ০০:১৫  
২৭ আগষ্ট, ২০২৫ ০১:১৫  

দুই বছরের ব্যবধানে দেশে ইন্টারনেটে সংযুক্ত পরিবারের সংখ্যা ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ইন্টারনেটে সংযুক্ত পরিবারের সংখ্যা ২০২৩ সালের ৪৩ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ওয়েবসাইটে ২৫ আগস্ট, সোমবার প্রকাশিত সর্বশেষ ‘আইসিটি অ্যাপ্লিকেশন এবং ব্যবহার সমীক্ষা ২০২৪-২৫’ সমীক্ষা প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনটিতে ৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে আইসিটি ব্যবহারের চিত্রও তুলে ধরা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৮৮ দশমিক ২ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। ৬৪ দশমিক ৮ শতাংশের নিজস্ব ফোন আছে। ৪৮ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
৯ শতাংশ কম্পিউটার ব্যবহার করে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে মোবাইল ফোন ব্যবহারের হার ৯৭ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৯৮দশমিক ৮ শতাংশ হয়েছে। স্মার্টফোন ব্যবহারের হার ৬৩ দশমিক ৩ শতাংশ  থেকে বেড়ে ৭২ দশমিক ৮ শতাংশ  হয়েছে।
টেলিভিশন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৬২দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশ  হয়েছে।

এছাড়াও  কম্পিউটার ব্যবহারকারী পরিবারের সংখ্যা সামান্য বেড়ে ৮ দশমিক ৯ শতাংশ   থেকে ৯ দশমিক ২ শতাংশ হয়েছে।  রেডিও ব্যবহারের হারও সামান্য বেড়ে ১৪ দশমিক  ৯ শতাংশ  থেকে ১৫ দশমিক ৫ শতাংশ হয়েছে।

তবে ২০২৩ সালে ৯৯ দশমিক ১ শতাংশ  পরিবারের বিদ্যুৎ সংযোগ থাকলেও ২০২৪-২৫ সালে সামান্য কমে ৯৮ দশমিক ৫ শতাংশ হয়েছে।