একাধিপত্যের মামলায় অ্যাপলের আবেদন খারিজ
মার্কিন বিচার বিভাগের করা স্মার্টফোন বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে দায়েরকৃত মামলাটি খারিজের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। সোমবার নিউ জার্সির নিউয়ার্কে যুক্তরাষ্ট্রের জেলা জজ জুলিয়ান নিলস এই রায় দেন। খবর রয়টার্স।
বিচার বিভাগ ও কয়েকটি অঙ্গরাজ্য অভিযোগ করেছে, থার্ড-পার্টি অ্যাপ ও ডিভাইস ডেভেলপারদের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে অ্যাপল প্রতিযোগিতা নষ্ট করছে এবং ব্যবহারকারীদের অন্য ব্র্যান্ডে যেতে বাধা দিচ্ছে।
অ্যাপল জানিয়েছে, মামলাটি বাস্তব ও আইনি দিক থেকে সঠিক নয় এবং তারা আদালতে লড়াই চালিয়ে যাবে।
২০২৪ সালে অ্যাপলের স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ২০১ বিলিয়ন ডলার। মার্চ ২০২৪ সালে দায়েরকৃত মামলায় অ্যাপলের অ্যাপ ডেভেলপারদের ওপর আরোপিত ফি ও প্রযুক্তিগত বাধাগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এই মামলা কয়েক বছর স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







