স্মার্টফোন বাজার ছাড়ছে এলজি!
ধারাবাহিকভাবে প্রায় ছয় বছর লোকসানের পর স্মার্টফোন ব্যবসার ইতি টানার পরিকল্পনা করছে এলজি। এ বিষয়ে কর্মীদেরকে ইঙ্গিত প্রকাশ করে বার্তাও দিয়েছেন এলজির প্রধান নির্বাহী কর্মকর্তা কেওন-বং-সেওক। খবর এনগ্যাজেট।
গত প্রায় ছয় বছরে ৫ বিলিয়ন ডলার লোকসান করেছে এলজি। প্রতিদ্বন্দ্বি কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতেই পারছে না প্রতিষ্ঠানটি। আর তাই স্মার্টফোন ব্যবসায় বড় ধরণের পরিবর্তন আনার কথা বিবেচনা করছেন কর্তাব্যক্তিরা।
মোবাইল ডিভিশনকে উদ্দেশ্য করে এলজি প্রধান বলেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারের বিবেচনায় সেখানে বিক্রয়, অর্থ তুলে নেওয়া এবং স্মার্টফোন ব্যবসায়কে সংকুচিত করার বিষয়ে তাগিদ দেয়া হয়।
২০২০ সালের প্রথমদিকে দায়িত্ব নেয়া কেওন ২০২১ সাল নাগাদ এলজিকে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন। তবে সেটি অঙ্গীকারেই সীমাবদ্ধ আছে এখনও। বর্তমানে তিনি মোবাইল ডিভিশনের প্রায় ৬০ শতাংশ কর্মীকে অন্য এলজির অন্য ডিভিশনে যুক্ত করার কথা জানাচ্ছেন। তবে বাকি ৪০ শতাংশ কর্মীকে দিয়ে মোবাইল ডিভিশন পরিচালনা করা হবে নাকি ছাঁটাই করা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তবে এলজির একজন মুখপাত্র জানিয়েছেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। চলতি বছরেই এলজির মোবাইল ব্যবসায় যে চ্যালেঞ্জ রয়েছে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কোম্পানিটির ব্যবস্থাপনা বিভাগ।
ডিবিটেক/বিএমটি