রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত
সাড়ে সাত বছর পর মঙ্গলবার ৪র্থ সম্মেলন করলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এসময় তিনি বলেন, মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির মধ্যে অবশ্যই কিছু পার্থক্য থাকা উচিত। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোয় সেখানকার শিক্ষার্থীদের জন্য যে ধরনের বাস্তবতা রয়েছে, একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের ধরন, সিলেবাস, সেখানকার শিক্ষার্থীদের সার্বিক যে প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের আলোকে বাংলাদেশের ছাত্ররাজনীতি ঢেলে সাজানোরও প্রয়োজন রয়েছে। ছাত্রলীগ ওপর থেকে ছাত্ররাজনীতি আরোপ করে দেবে, সেই ছাত্ররাজনীতি ছাত্রলীগ বিশ্বাস করে না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন, তোমরা লেখাপড়া করবে, মানুষ হবে, দেশ গড়বে। তারপরে সময় পেলে রাজনীতি করবে। আমরা কখনও কল্পনা করিনি বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, মেট্রোরেল হবে। দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অনেক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ কনক ও এনামুল হক তানান।







