রাজত্ব করবে সুপারফ্যাবলেট

২৯ নভেম্বর, ২০২০ ১৫:২৯  
স্মার্টফোন বাজারে ছয় ইঞ্চির বড় আকারের পর্দাকে অগ্রাধিকার দিচ্ছেন গ্রাহক। গেল সপ্তাহের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে বাজার গবেষক স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স। সংস্থাটি ধারণা করছে, এ বছর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার স্মার্টফোনের ৭৫ শতাংশই হবে বড় পর্দার। ২০২০ সালে পশ্চিম ইউরোপের মোট স্মার্টফোনের ৭৭ শতাংশই হবে সুপারফ্যাবলেট, উত্তর আমেরিকায় এ হিসেব দাঁড়াবে ৭৬ শতাংশে। স্ট্রাটেজিক অ্যানালিটিক্স জানিয়েছে, ৬.০ থেকে ৬.৯৯ ইঞ্চি পর্দা যুক্ত স্মার্টফোন গুলো অন্য সব আকারের পর্দার ফোনের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। বছর শেষ নাগাদ বৈশ্বিকভাবে ৯০ কোটিরও বেশি ৬.০ থেকে ৬.৯৯ ইঞ্চি পর্দার স্মার্টফোন বা সুপারফ্যাবলেট বিক্রি হবে বলে আগাম বার্তা দিয়েছেন স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সহযোগী পরিচালক ভিলে-পেত্তেরি উকোনাহো। গবেষকদের দাবি, এ বছরের হলিডেতে স্যামসাং এবং অ্যাপলের নতুন সুপার-লার্জ ডিসপ্লে বা ঢাউস পর্দার সুপারচার্জ স্মার্টফোন বেশি বিক্রি হবে। পাঁচ ইঞ্চির ছোট পর্দার স্মার্টফোন বাজার হারাচ্ছে উল্লেখ করে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের পরিচালক কেন হায়ারস জানিয়েছেন,পাঁচ ইঞ্চি শ্রেণী ক্রমাগত ছোট হয়ে আসছে এবং ২০২৫ সাল নাগাদ কার্যতই উধাও হয়ে যাবে।