মোবাইলেই খেলা যাবে ‘ওয়ারক্র্যাফট’

৫ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৭  
চলতি বছরেই বাজারে আসছে‘হাই ফ্যান্টাসি’ ঘরানার জনপ্রিয় গেমিং ফ্র্যাঞ্চাইজ মোবাইল গেম ‘ওয়ারক্র্যাফট’। গত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’। আর এর মাধ্যমেই শীর্ষ গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো যে ক্রমশ মোবাইল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, তারই যেন প্রমাণ মিলছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের পরিকল্পনা থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২২ সালে ওয়ারক্র্যাফট ফ্র্যাঞ্চাইজে নতুন কনটেন্ট যোগ করার পরিকল্পনা করেছে ব্লিজার্ড। এর মধ্যে গেমারদের হাতে ওয়ারক্র্যাফটের নতুন মোবাইল কনটেন্ট দেওয়ার পরিকল্পনাও আছে।” তবে এতে নতুন মোবাইল গেমটি নিয়ে বিস্তারিত জানায়নি তারা। এ বছর কোন সময়ে গেইমটি বাজারে আসতে পারে, সে বিষয়েও কোনো ধারণা দেয়নি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাক্টিভিশন ব্লিজার্ড জানিয়েছে ২০২১ সালে ‘কল অফ ডিউটি’ গেইমের মোবাইল সংস্করণে একশ কোটি ডলারের বেশি খরচ করেছেন গেমাররা। অন্যদিকে, অ্যাপ স্টোরে আয়ের হিসাবে আধিপত্য ধরে রেখেছে ‘ক্যান্ডি ক্রাশ’। ২০২২ সালেই ‘ডিয়াব্লো ইমর্টাল’ মুক্তি দেওয়ার কথা রয়েছে অ্যাকটিভিশন ব্লিজার্ডের। ‘ডিয়াব্লো’ সিরিজের প্রথম মোবাইল গেইম এটি। বড় বাজেটের গেমটির নির্মাণকাজ চলছে ২০১৮ সাল থেকে।