মর্মাহত আইএসপিএবি

৬ জুন, ২০২৪ ১৬:৫৫  

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪টি প্রস্তাবনা রেখেছিলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। কিন্তু সিকি শতাব্দি ধরে তৃণমূলে দেশের ডিজিটাল সংযুক্তি নিয়ে সক্রিয় থেকেও প্রস্তাবিত বাজেটে এর কোনো প্রতিফলন পায়নি ইন্টারনেট সেবাদাতারা। এতে কেবল হতাশাই নয় মর্মাহত হয়েছে আইএসপিএবি।

বাজেটে কোনো প্রস্তাবনাই আমলে না নেওয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিপরীতমুখী সিদ্ধান্তের প্রতিবাদে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্টারনেট সেবাকে দীর্ঘ কাঙ্ক্ষিত আইটিইএস সেবার অন্তর্ভূক্ত না করায় হতাশ সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেছেন, অত্যন্ত পরিতাপের বিষয় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ও স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায় আমরা খুবই মর্মাহত।

বস্তুত, ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে আইটিইএস এর অন্তর্ভুক্তি না করা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত সামগ্রীর উপর শুল্ক না কমানো এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর ১০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার না করা ও ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে বলে মনে করছে আইএসপিএবি।

একই সাথে ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ও প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে আইটিইএস এর অন্তর্ভুক্তির মাধ্যমে আইএসপি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ফের অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টারনেট যন্ত্রপাতি যেমন, মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারির উপর বর্তমানে ১৫.৫০% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে; তাছাড়া অনু, ওএলটি’র উপর বর্তমানে ৩৭.% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে যা এ শিল্পের প্রসারে একটি বড় প্রতিবন্ধকতা এবং তা কমিয়ে ০% করার আবেদনের বিষয়টি সংশোধন বাজেটে পুনর্বিবেচনার অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।