ভিআর প্রতিষ্ঠান ‘স্পেসেস’ কিনেছে অ্যাপল
মহামারীর সময়ে জুম মিটিংয়ে ‘ভার্চুয়াল অ্যাভাটার’ ব্যবহারের ব্যবস্থা করে দিয়ে আলোচনায় উঠে এসেছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান ‘স্পেসেস’ কিনে নিয়েছে টিম কুকের অ্যাপল।
অজ্ঞাতনামা এক অ্যাপল মুখপাত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদদাতা সাইট প্রটোকল। সাইটটিকে ই-মেইলে চলচ্চিত্র প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কস অ্যানিমেশন প্রকল্প থেকে সৃষ্ট প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার বিষয় নিশ্চিত করলেও প্রকল্পটি বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
অপরদিকে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি স্পেসেস। তবে নিজেদের ওয়েব সাইটে ‘নতুন গন্তেব্যের পথে’ উল্লেখ করা হয়েছে।
স্বাধীনভাবে কৃত্রিম বাস্তবতায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা দিয়ে ২০১৬ সালে নিজেদের যাত্রা শুরু করেছিল স্পেসেস। প্রথম প্রকল্পে সুযোগ করে দিয়েছিলো টারমিনেটর থিমের ভিআর গেম টারমিনেটর স্যালভেশন গেম খেলার।
‘ফেস ট্র্যাকিং’ প্রযুক্তি ব্যবহার করে বাজার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পেসেস নিজেদের ভিআর গেমকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। তবে কোভিড-১৯ বাধাকে নিজেদের জন্য একটি সুনামি বলে উল্লেখ করেছিলেন স্পেসেস সিইও সিওরাজ আকমাল। এরপর ভার্চুয়াল বৈঠকে ভিআর প্রযুক্তি সংযুক্ত করেন তিনি।