ভারতে চাহিদা বাড়ছে ব্রডব্যান্ডের
করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন চলছে পুরো ভারত জুড়ে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় সব অফিস, শিল্প, ব্যবসাপত্র। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের বন্ধ। তাই বাড়িতে বসে অফিসের কাজ করা, অনলাইনে পড়াশোনা বা বিনোদন সবকিছুর জন্যই এখন ভরসা ইন্টারনেট। লকডাউন থাকায়এক ধাক্কায় বেড়েছে ইন্টারনেটে ডেটা প্যাকের খবচ। মোবাইল নেট তো আছেই, আরও বেশি ব্যবহারের জন্য চাহিদা বাড়ছে ফিক্সড ব্রডব্যান্ডের।
ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ব্যবসায়ীরাই জানাচ্ছেন, দেশের অনেক জেলায় নতুন ব্রডব্যান্ড সংযোগের গ্রাহক হওয়ার হিড়িক বেড়েছে। যারা সংযোগ নিয়েও নিয়মিত ব্যবহার করতেন না, তাদেরও বেড়েছে ইন্টারনেট ব্যবহার।
ইন্টারনেট ব্যবহারকারীরা জানাচ্ছেন, লকডাউন উঠলেও কবে সব স্বাভাবিক হবে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। বহু অফিস আদালত বন্ধ। কিন্তু তাতে কাজ থেমে নেই। সরকারি ঘোষণা অনুয়ায়ী, ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ অভ্যস্ত হতে গেলেও বাড়িতে শক্তিশালী ইন্টারনেট থাকা প্রয়োজন। সব সময় মোবাইল ইন্টারনেট দিয়ে কাজ চলে না। তার দৈনিক ব্যবহারের সীমাও রয়েছে। তাই অনেকেই শুধুমাত্র অফিসের কাজের জন্য ব্রডব্যান্ড সংযোগ নিয়েছেন।
লকডাউনের সময়ে বাড়িতে কেবল বসে না থেকে একটি অনলাইন কোর্স করার জন্য ব্রডব্যান্ড সংযোগ নিয়েছেন অনেকেই।
দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু হয়েছে স্কুলে স্কুলে। মোবাইলে ইন্টারনেট থাকলেও সন্তানদের সব সময় মোবাইল হাতে দিতে পারছেন না অভিভাবকেরা। সন্তান যাতে কম্পিউটার বা ট্যাবে ক্লাস করতে পারে সে জন্য অনেক স্বচ্ছল পরিবার ব্রডব্যান্ড সংযোগ নিয়েছেন।
কেবল কাজের জন্যই নয়, বিনোদনের জন্যও চাহিদা বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের। বাড়িতে টানা থেকে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। টিভিতে যে সিনেমা দেখানো হয় তা পুরনো হয়ে গিয়েছে। তাই পছন্দের নতুন সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে অনেকেই বিনোদন অ্যাপের গ্রাহক হয়েছেন।