বিটিআরসি’র গণশুনানি স্থগিত

২৪ মার্চ, ২০২০ ১৬:২৫  
আগামী ৩০ মার্চ তৃতীয়বারের মতো গণশুনানির আয়োজন করেছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে “করোনা ভাইরাস সংক্রান্ত সরকারী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে” এই শুনানি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, “আগামী ৩০ মার্চ ২০২০ তারিখে বিটিআরসি কর্তৃক পূর্ব ঘোষিত গণশুনানি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তের আলোকে গণশুনানির পরবর্তী তারিখ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেয়া হবে।” এর আগে গত ০৮ মার্চ এক বিজ্ঞপ্তিতে, সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তিকে শুনানিতে অংশ নিতে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে নাম নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছিলো।