বিজ্ঞান উৎসবে মাতলো কিশোরেরা
‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগানে রোবট নাচ, দাবা খেলা, ম্যাজিক, প্রর্দশনী ইত্যাদি নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বিজ্ঞান উৎসব।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে দেশবরেণ্য তারকা, শিক্ষক, গবেষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান ও প্রযুক্তির নানা স্বপ্ন বুনন ও তা বাস্তবায়নের নেশায় শিশু-কিশোরদের পদচারণে মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ।
সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। শিশুদের দাবা খেলায় যোগ দেন গ্র্যান্ড মাস্টার এনমুল হোসেন রাজীব। জাদু দেখান স্বপন দিনার। শিশু-কিশোরদের সঙ্গে আড্ডা দেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দর্শকদের অভিভূত করেছে কিশোর মনন মাহমুদ ও অভিষক কায়সারের ওয়াটার রকেট।
সন্ধ্যায় জলের গানের পরিবেশনায় শেষ হয় আয়োজন।