ফের দরপতনে বিটকয়েন
হোঁচট খেয়েছে বিটকয়েনের পাগলা ঘোড়া। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রচলিত এই ক্রিপ্টোকারেন্সির মূল্য এখন দুই মাস আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। একদিনের ব্যবধানে মূল্য শতকরা চার ভাগ কমে নেমে এসেছে ৩৪ হাজার ডলারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন একচেঞ্জ কোম্পানি (ওয়ানডা)-এর আমেরিকা চ্যাপ্টারের সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া এক গবেষণা নোটে বলেছেন, শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর ক্রিপ্টো ব্যবসারয়ীরা ঝুঁকিবিমুখ হওয়ার প্রবণতায় বিটকয়েনের মূল্যও হ্রাস পেয়েছে।
এই মূল্য আরো কমার বার্তা দিয়ে তিনি বলেছেন, “বিটকয়েন বিপদসীমার মধ্যে রয়েছে এবং যদি এই মূল্য ৩৭ হাজার ডলার পর্যন্ত পৌছায় তবে এটি ৩০ হাজার ডলারে যেতে বেশি সময় নেবে না।”
গত নভেম্বরে প্রতি বিটকয়েনের মূল্য যেখানে ৬৯ হাজার ডলারে ছিল; শুক্রবার হঠাৎ মূল্যপতনে ৩৪ হাজার ডলারে নামার আগে এটি ৩৫ হাজার ৪৯ ডলারে ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
একদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা; অপরদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা হ্রাস পাওয়ায় মুদ্রাটির বাজার মূল্যের পাগলা ঘোড়া হোঁচট খেয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
শুক্রবার শেয়ার বাজারে পতনের ঢেউ এসে লেগেছে অন্যান্য ঝুঁকি বাণিজ্যের বাজারেও। এরই মধ্যে এসএন্ডপি ৫০০ এবং ন্যাসড্যাক গত ২০২০ সালের মার্চে মহামারী শুরু হওয়ার পর সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে।
ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের মুদ্রা ইথারের দামও শনিবার ৬.৭ শতাংশ কমে দুই হাজার তিনশ’ ৯৬ ডলারে পৌঁছেছে।