নতুন স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫২  
সিম ছাড়াই নেটওয়ার্কে যুক্ত হতে নতুন স্মার্টফোনগুলোতে যুক্ত হচ্ছে ই-সিম। এক্ষেত্রে আলাদা কোনও সিম ট্রে থাকছে না। এটি বিল্ট-ইন অবস্থায় স্মার্টফোনেই থাকছে। নতুন ই-সিম যুক্ত হওয়ার ফলে গ্রাহক যখন নতুন স্মার্টফোন চালু করবেন তখনই তিনি কোন নেটওয়ার্ক নিশ্চিত করবেন তা জানতে চাওয়া হয়। তখন ব্যবহারকারী যদি কোনও সিম নিশ্চিত না করেন সেক্ষেত্রে ই-সিম নির্বাচন করেই স্মার্টফোনটি সক্রিয় করা যাবে। ইতিমধ্যেই আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, ১১, ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স-এ যুক্ত হয়েছে এই সুবিধা। আইফোনের বাইরে গুগল পিক্সেল ২, ৩, ৩এ, ৪ মডেলেও যুক্ত করা হয়েছে ই-সিম। এছাড়া স্যামসাং গ্যালাক্সি ফোল্ড মডেল, মটোরোলা রেজর, স্যামসাং গ্যালাক্সি এস২০, ‍এস২০ প্লাস মডেলে ই-সিম থাকছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক পোর্টাল সিনেট। অবশ্য গুগল পিক্সেল ফোর এক্সএল বিভিন্ন মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক পরিবর্তনের জন্য সিম বদলাতে হয়। কিন্তু কোনও ধরনের সিম পরিবর্তন ছাড়াই ই-সিমে কাজটি করা যাবে। আধুনিক স্মার্টফোন গবেষকেরা জানিয়েছেন, ই-সিম মূলত ‘এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। এটি ছোট একটি ইলেকট্রনিক চিপ, যার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন কোনো সিম ছাড়াই প্রাথমিক নেটওয়ার্ক খুঁজে পাওয়াসহ বেশকিছু কাজ করতে পারবেন।