কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩ তম সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ এর ধারা ৪৪ (৫) অনুযায়ী সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে যে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হলো।







