করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার সম্ভবনা কতটা রয়েছে-তা বলে দিতে অ্যাপ তৈরি করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনটির দাবি, স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিছু শারীরিক উপসর্গ বিষয়ক প্রশ্নের হ্যাঁ-না উত্তরে ক্লিক করে যে কেউ করোনার বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারবেন।

এজন্য কম্পিউটার কিংবা মোবাইল চালনার ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার দরকার পড়বে না।
প্রাথমিক শনাক্তকরণের সঙ্গে সঙ্গে কিছু পরামর্শও দেয়া হচ্ছে এই অ্যাপে। যদি সমস্যা কম বা মাঝারি আকারে হয় তবে দুইদিন পর আবার একই প্রকার টেস্ট করতে বলা হচ্ছে এবং বিশ্রামে থাকতে অনুরোধ করা হচ্ছে। আর যদি মারাত্মক হয় তখন আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হচ্ছে।
এই অ্যাপটি সবাইকে হাসপাতালে ভিড় জমাতে নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক সরদার মাহমুদ হাসান রুবেল। এই অ্যাপে শনাক্তের মাধ্যমে শুধুমাত্র প্রকৃত করোনা উপসর্গধারী রোগীদের হাসপাতালে যেতে বলা হচ্ছে।
অ্যাপটি রয়েছে সংগঠনটির ওয়েব সাইটে। ঠিকানা: http://bbpbd.org/covid-19/