এআই ল্যাপটপ আনছে ইনটেল

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে চিপ জায়ান্ট ইনটেল। সিলিকন ভ্যালিতে এক সম্মেলনে মঙ্গলবার এই ঘোষণা দেন ইনটেল সিইও প্যাট্রিক গেলসিঞ্জার। সম্মেলনে ইন্টারনেট ছাড়াই ল্যাপটপে মার্কিন গায়িকা টেইলর সুইফটের স্টাইলে গান তৈরি করে দেখিয়েছে ইনটেল। এর পাশাপাশি, আলাপের স্টাইলে বিভিন্ন প্রশ্নের জবাবও দিতে দেখা গেছে এতে।

এরপর প্যাট্রিক গেলসিঞ্জার বলেছেন, “আমরা এআই পিসিকে উদ্ভাবনী প্রযুক্তি খাতে বড় পরিবর্তন হিসেবে দেখছি।”

আর এর বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে ইনটেলের আসন্ন ‘মিটিওর লেক’ নামের ল্যাপটপ চিপের সহায়তায়, ল্যাপটপটি শিগগিরই বাজারে ছাড়া হবে বলেও ধারণা করা হচ্ছে।

ইনটেল বলছে, কম্পিউটিং সক্ষমতার জন্য ক্লাউড ডেটা সেন্টারের পরিবর্তে ল্যাপটপে চ্যাটজিপিটি’র মতো জেনারেটিভ এআই চালিত চ্যাটবট ব্যবহার করা যেতে পারে।

এই প্রেজেন্টেশন দেয়ার পর ইনটেলের শেয়ারমূল্য কমেছে দেড় শতাংশ। তবে এ নিয়ে কোনো মন্তব্য না করে ইনটেলের নির্বাহীরা বলেছেন, আগামী বছর চিপটির পরবর্তী সংস্করণ ‘অ্যারো লেক’ বাজারে আনতে পারে কোম্পানিটি।