আসছে ডাক টাকা

১৬ নভেম্বর, ২০১৯ ১৯:১৭  
ডাক সেবার ধারাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ডিজিটাল হচ্ছে ডাক টাকা। টাকার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিদ্যমান শুন্যতা পূরণে ডাক টাকা প্রচলনের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক টাকা বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমনটাই জিানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, পৃথিবী একটি জটিল সময় পার করছে। সারা দুনিয়া বদলাচ্ছে, সভ্যতার পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে বিনা কাগজে প্রতিদিন প্রায় মোবাইল ব্যাংকিংয়ে এগারশত চল্লিশ কোটি টাকা লেন-দেন হচ্ছে। বাংলাদেশের মোবাইল ফিনান্সিং সারা দুনিয়ায় একটি অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে ফাইভ জি এবং কুয়ান্টাম কম্পিউটিং কাজে লাগাতে পারলে বৈপ্লবিক পরিবর্তন অবশ্যম্ভাবি। তিনি বলেন, ডাক বিভাগের বিস্তৃর্ণ নেটওয়ার্ক ও এর বিশাল কর্মীবাহিনী যথাযথ কাজে লাগাতে পারলে জ্ঞানভিত্তিক ডিজিটাল সমাজ বিনির্মাণে অভাবনীয় অবদান রাখা সম্ভব। দেশে ই -কমার্সের বিকাশে ইতোমধ্যে ডাক বিভাগ ই-কমার্স শিল্প বিকাশে যুগান্তকারি অবদান রাখছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর হাওলাদার, ই-কমার্সের সভাপতি শমি কায়সার এবং আইটি ব্যক্তিত্ব সোনিয়া বশির কবির।